অবশেষে দক্ষিণ সিটির ‘ঝুলন্ত তার’ ফাঁড়া কাটলো। স্থায়ী সমস্যার সমাধন পেলো আইএসপিএবি ও কোয়াব। সমাধন অনুযায়ী, এখন ইন্টারনেট ও ক্যাবেল টিভির সেবাদাতারাই লাস্ট মাইল সংযোগ দেয়ার ক্ষেত্রে নিজ খরচ ও ব্যবস্থাপনায় মাটির নিচ দিয়ে বাড়ি বাড়ি সংযোগ নিয়ে যাবেন।
এতে সিটি করপোরেশনকে কোনো চাঁদা দিতে হবে না। সিটি করপোরেশনও সংযোগ তার কাটা স্থগিত রাখবে। আর ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এই প্রতিশ্রুতিতে স্থগিত ধর্মঘট প্রত্যাহার করে নিলো আন্দোলনকারীরা।
বৈঠক শেষে মেয়র বলেন, দুটি অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ আমরা বৈঠক করেছি। তারের যে জঞ্জালে ঢাকা শহর সয়লাব, আমরা সকলেই যৌথভাবে তা মুক্ত করতে একমত হয়েছি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিলো তার অবসান হয়েছে। আমার ঐক্যমতের একটি জায়গায় পৌঁছেছি। আগামীকাল থেকে আইএসপিএবি ও কোয়াব ধানমন্ডি থেকে ঝুলন্ত তার অপসারণ এবং ভূ-গর্ভস্থ লাইনে সঞ্চালনের কাজ শুরু করবে। এই পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কেবল অপারেটররা আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) থেকে মাটির নিচ দিয়ে তার নেওয়ার কাজ শুরু করবে।
রবিবার নগর ভবনে মেয়রের সঙ্গে বৈঠক শেষে ডিজিবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক। তিনি বলেছেন, মেয়র মহোদয় খুবই আন্তরিকতার সঙ্গে আজ আমাদের সঙ্গে বৈঠক করেছেন। আমরা তার প্রতিশ্রুতি পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিলাম।
অরদিকে বৈঠকে অংশ নেয়া কোয়াব প্রতিষ্ঠাতা সভাপতি আনেয়ার পারভেজ ডিজিবাংলাকে বলেন, আমরা আগামীকাল থেকেই কাজ শুরু করবো। মেয়র মহোদয়ের প্রতিশ্রুত সময় নভেম্বরের মধ্যে নিজেদের উদ্যোগে ঝুলন্ত তার সরিয়ে নেয়ার কাজে দৃশ্যমান করে দেখাবো।
এর আগে শনিবার রাতে আইএসপিএবি ও কোয়াব নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে তাদের আহূত প্রতিদিন ৩ ঘণ্টার সেবা ধর্মঘট স্থগিত করান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বৈঠকে মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।